মহিপুরে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ | Daily AjKaler Kontho

মহিপুরে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ২:০৫ অপরাহ্ন
মহিপুরে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

পটুয়াখালীর মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের নয়াকাটা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে নয়াকাটা এলাকায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫) গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলের দায়ের করা লিখিত এজাহারের ভিত্তিতে মহিপুর থানায় ২১ জুলাই ২০২৬ তারিখে পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৪২/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪/১০৯/৫০৬ ধারায় একটি হত্যা মামলা (মামলা নং-০৬) দায়ের করা হয়। মামলাটির তদন্ত করছেন মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. সামসুল ইসলাম।

মামলার তদন্তের অংশ হিসেবে অভিযুক্তদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি মো. সালেক হাওলাদার (৪৫) কে র‌্যাব-১১-এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ২৫ জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তাকে মহিপুর থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার (২৬ জুলাই) তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। মো. সালেক হাওলাদার, পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন নয়াকাটা গ্রামের, পিতা মৃত মোজাহার ওরফে মুজাফফর হাওলাদার এর ছেলে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাওলাদার জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি