নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা | Daily AjKaler Kontho

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নে মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত মনি মিয়া শেখ নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং চর-জয়নগর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পুঠিমারি বাজার থেকে কেনাকাটা শেষে নিজ বাড়িতে ফিরছিলেন মনি মিয়া শেখ। পথে পানিপাড়া এলাকায় কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।