নোয়াখালীতে বাসি খাবার ও ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগে দুই বিরিয়ানি হাউজকে জরিমানা | Daily AjKaler Kontho

নোয়াখালীতে বাসি খাবার ও ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগে দুই বিরিয়ানি হাউজকে জরিমানা


শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোয়াখালীতে বাসি খাবার ও ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগে দুই বিরিয়ানি হাউজকে জরিমানা

নোয়াখালীতে বাসি খাবার সংরক্ষণ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগে দুইটি বিরিয়ানি হাউজকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ জুলাই) দুপুরে নোয়াখালী সদর উপজেলার টাউনহল মোড় ও দত্তেরহাট এলাকায় অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে টাউনহল মোড়ের মেসার্স হাজী বিরিয়ানি হাউজে বাসি খিচুড়ি, তেহারি, বিরিয়ানি ও সিদ্ধ ডিম পলিথিনে ভরে ফ্রিজে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংরক্ষিত বাসি খাবার জব্দ করে ধ্বংস করা হয়।

এদিকে, দত্তেরহাট এলাকার মেসার্স টোকিও কাচ্চি বাড়িতে কাচ্চিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ কেওড়া জল এবং খাবারের রং বাড়াতে ‘কাশ্মীরি চিলি’ নামে রং ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এছাড়া ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে সংরক্ষণ করতেও দেখা যায় প্রতিষ্ঠানটিকে।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

অভিযানের সময় সরকার নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে কি না, তাও তদারকি করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিম এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশ নেয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি