
ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন নদী খাল হতে ১৯ জুলাই রবিবার নিষিদ্ধ চাইনা দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ গোলাম সরোয়ার হোসেন এর নেতৃত্বে সকাল ১০.৩০ ঘটিকা থেকে এই অভিযান শুরু হয় এ সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেন বাজার গোপালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ।
অভিজানে মধুহাটি ইউনিয়নের চান্দুয়ালু খাল থেকে ৮ টি বাজারগোপালপুর সংলগ্ন চিত্রা নদী থেকে ১৮ টি মোট ২৬ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জালগুলো ১০০০ মিটার যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা। জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জালের লোহাগুলো বেরাশুলা এতিমখানায় দান করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এমনিতেই নদী,খাল বিলের পানিতে মাত্রাতিরিক্ত ময়লা আবর্জনা, ফসলি জমিতে অধিক পরিমাণে ক্ষতিকারক কীটনাশক ব্যবহারের প্রভাবে পানিতে দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে।
এমতাবস্থায় এক শ্রেণীর দুষ্কৃতীকারী মাছ শিকারী নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল পেতে খাল,বিল, নদী থেকে শিকারের মাধ্যমে দেশীয় মাছ যেমন শৈল,টাকি,কই,পাপদা,পুটি, টেংরা ইত্যাদি মাছের উৎপাদন চরমভাবে ব্যাহত করছে। তাই দেশ থেকে এখনই নিষিদ্ধ ঘোষিত এই চাইনা দুয়ারী জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে না পারলে দেশীয় মাছ চিরদিনের জন্য হারিয়ে যাবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :