পবিপ্রবির গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

পবিপ্রবির গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
পবিপ্রবির গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে “Adaptive Delta Management for a Climate Resilient Agriculture and Food Security in South Central and Southwest Coastal Bangladesh (ADM-CRAFT)” শীর্ষক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অভিযোজন সক্ষমতা জোরদারের কোনো বিকল্প নেই। টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাভিত্তিক কার্যক্রম এবং সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার। তারা তাদের বক্তব্যে উপকূলীয় অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য নিলশে কিলেন (Nielsje Kilen) গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বক্তারা জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কৃষক, বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ওয়ার্কশপে মূল প্রবন্ধ (কীনোট) উপস্থাপন এবং সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।

ওয়ার্কশপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ/আর বি