হাসনাত আব্দুল্লাহকে সংযত বক্তব্যের আহ্বান, দেবিদ্বার উপজেলা বিএনপির সতর্কবার্তা | Daily AjKaler Kontho

হাসনাত আব্দুল্লাহকে সংযত বক্তব্যের আহ্বান, দেবিদ্বার উপজেলা বিএনপির সতর্কবার্তা


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
হাসনাত আব্দুল্লাহকে সংযত বক্তব্যের আহ্বান, দেবিদ্বার উপজেলা বিএনপির সতর্কবার্তা

কুমিল্লা দেবিদ্বার উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহকে রাজনৈতিক বক্তব্যে সংযত ও শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাতে দেবিদ্বার উপজেলা বিএনপির দলীয় প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন এবং সদস্য সচিব আবুল কালাম আজাদের স্বাক্ষর রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান একটি পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে কেউ ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি শিক্ষামন্ত্রীকে নিয়ে অশালীন ও অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছেন, যা রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী। বিএনপির পক্ষ থেকে বলা হয়, যৌক্তিক সমালোচনা গ্রহণযোগ্য হলেও রাজনৈতিক শালীনতা বজায় রাখা সবার দায়িত্ব। অন্যথায় দলটি রাজনৈতিকভাবে পাল্টা জবাব দিতে পিছপা হবে না। একই সঙ্গে হাসনাত আব্দুল্লাহকে অতিকথন ও অতিরঞ্জিত বক্তব্য পরিহারের আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার সকালে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন বলেন, “আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষামন্ত্রী তার অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এরপরও হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছেন। আমরা তার কাছ থেকে দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণ প্রত্যাশা করি। এর ব্যত্যয় ঘটলে রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে।”

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আজকালের কন্ঠ/আর বি