রায়পুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক | Daily AjKaler Kontho

রায়পুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ২:০১ অপরাহ্ন
রায়পুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে শিরিন আক্তার (৩৭) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি বশির আহম্মেদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে পাশের ভাড়াটিয়ারা শিরিন আক্তারকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানানো হলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর থেকেই এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম ভূঁইয়া জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বশির আহম্মেদকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত সংগ্রহ এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনাকে হত্যা বা আত্মহত্যা—কোনোটি বলেই নিশ্চিতভাবে মন্তব্য করা যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, রহস্যজনক এ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি