বরিশালে ইয়াবা বহনের দায়ে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের জেল | Daily AjKaler Kontho

বরিশালে ইয়াবা বহনের দায়ে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের জেল


জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
বরিশালে ইয়াবা বহনের দায়ে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের জেল

বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ আটক হওয়া এক রোহিঙ্গা তরুণীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস এম শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত জাহিদা বেগম (২০) আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, জাহিদা বেগম কক্সবাজারের টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা। গত ৩ মে গভীর রাতে ঢাকা থেকে বরিশালগামী মামুন পরিবহনের একটি বাসে নগরের কলসগ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তার সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি চালানো হলে পরিহিত প্যান্টের পকেটে থাকা পাঁচটি প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন নাঈম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই থানার এসআই মো. ছানোয়ার হোসেন গত ২৩ জুন আদালতে জাহিদা বেগমকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।