রাণীনগরে ৯৯ দোকানে চুরি মেঝেতে রক্ত উধাও সোনার দুল | Daily AjKaler Kontho

রাণীনগরে ৯৯ দোকানে চুরি মেঝেতে রক্ত উধাও সোনার দুল


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
রাণীনগরে ৯৯ দোকানে চুরি মেঝেতে রক্ত উধাও সোনার দুল

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারের স্বর্ণের মার্কেটে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের পেছনের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে। তবে চুরির ঘটনার চেয়েও এলাকায় বেশি চাঞ্চল্য তৈরি করেছে দোকানের মেঝেতে পড়ে থাকা রক্ত এবং ভাঙা কাচের স্তূপ। ঘটনাটি ঘটেছে আবাদপুকুর বাজারের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত 99 দোকান নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে।

দোকানের মালিক মোঃ ইলিয়াস হোসেন প্রামাণিক জানান, প্রতিদিনের মতো আজ সকালে তিনি দোকান খুলতে আসেন। সামনের গেট খুলে ভেতরে প্রবেশ করতেই তিনি হতভম্ব হয়ে যান। দেখতে পান দোকানের ভেতরের কাচ ভাঙা এবং পেছনের গেটের তালাটি ভাঙা অবস্থায় পড়ে আছে।

তিনি আরও জানান, আমি সাধারণত ক্যাশ ড্রয়ারে কোনো টাকা-পয়সা রাখি না। তবে ব্যক্তিগত প্রয়োজনে ৫ আনা ওজনের একটি সোনার কানের দুল ডয়ারে রেখেছিলাম, চোরেরা সেটিই নিয়ে গেছে। এছাড়া দোকান থেকে আর কী কী জিনিস খোয়া গেছে, তা এখনো সুনির্দিষ্টভাবে হিসাব করা সম্ভব হয়নি।

সবচেয়ে শঙ্কার বিষয় ছিল দোকানের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তাজা রক্ত। রক্ত ও ভাঙা কাচ দেখে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে কাচ বা তালা ভাঙতে গিয়ে চোর চক্রের কোনো সদস্যের শরীরের কোন অংশ গুরুতরভাবে কেটে গিয়ে আহত হয়েছে। এই রক্তমাখা মেঝের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক জনতার মাঝে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া মন্ডল জানান, চুরির এই ঘটনাটি এখনও পর্যন্ত পুলিশকে কেউ অবহিত করেনি।তবেভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি