
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক, দুর্নীতি ও ব্যবসায়িক সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কণ্ঠস্বর কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, মাদক সম্রাটদের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ কার্যকর পদক্ষেপ নেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ও তারা নীরব থাকেন। তার দাবি, নির্বাচনের আগে ব্যবসায়িক সিন্ডিকেটের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়। পরে সেই সিন্ডিকেট জনগণের স্বার্থবিরোধীভাবে পণ্যের দাম বাড়ালেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।
তিনি বলেন, “সংসদে যদি আমাদের কথা বলতে না দেওয়া হয়, তাহলে আমরা সংসদের বাইরে, জনগণের সামনে কথা বলব। আমাদের কথা বলা থেকে বিরত রাখা যাবে না। মনে রাখবেন, ভয় দেখিয়ে জয়কে থামিয়ে রাখা সম্ভব নয়।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সভায় বক্তারা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা, দুর্নীতি ও মাদকবিরোধী কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :