
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর দুমকিসহ উপকূলীয় এলাকায় টানা ছয়দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে উপজেলার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত পটুয়াখালী জেলায় ৮২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সরেজমিনে উপজেলার শ্রীরামপুর, লেবুখালী, আঙ্গারিয়া ও পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, টানা বৃষ্টিতে নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শহর থেকে গ্রামাঞ্চলের বিভিন্ন কাঁচা সড়কে পানি জমে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
অবিরাম বৃষ্টিতে দুশ্চিন্তায় রয়েছেন মাছচাষি ও বর্ষাকালীন সবজি চাষিরা। একই সঙ্গে কাজের অভাবে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর ও শ্রমজীবী মানুষ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবারও উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :