জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ | Daily AjKaler Kontho

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ


মো.আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশের” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ এবং উপকারভোগীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), আগৈলঝাড়া উপজেলা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমিতির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক।

আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তারা পল্লী উন্নয়নের বিভিন্ন দিক, সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মসূচি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিআরডিবির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পল্লী উন্নয়নকে টেকসই করতে সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান আক্তারুজ্জামান এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ. এম. শাহাদাতসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিআরডিবির বিভিন্ন ঋণ কর্মসূচির আওতায় ১৯ জন সদস্যের মাঝে ম্যানেজার কমিশনের অর্থ, ৯ জনের মাঝে ক্ষুদ্র ঋণ এবং ২ জনের মাঝে এসএইচএম (SHM) ঋণের চেক বিতরণ করা হয়।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

আজকালের কন্ঠ/আর বি