
বিদেশের মাটিতে জীবিকার সংগ্রামে থাকা হাজারো বাংলাদেশির হৃদয়ে স্বস্তির বার্তা পৌঁছে দিতে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় যাত্রা শুরু করেছে দেশের প্রথম উপজেলা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’। দূরদেশে থেকেও যেন নিজের থানার সেবা সহজে পাওয়া যায়—এই প্রত্যয়কে সামনে রেখেই চালু হয়েছে ব্যতিক্রমী এই উদ্যোগ। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটি হতে পারে একটি নতুন মাইলফলক।
রোববার দুপুরে গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে হেল্প ডেস্কটির উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি প্রবাসীরা। দেশের প্রতি তাদের অবদান শুধু বৈদেশিক মুদ্রা অর্জনেই সীমাবদ্ধ নয়, বরং অসংখ্য পরিবারের স্বপ্ন ও সম্ভাবনারও ভিত্তি। তাই বিদেশে অবস্থানরত প্রবাসীদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে স্থানীয় পর্যায়ে এমন একটি বিশেষ সেবা চালু হওয়া সময়ের গুরুত্বপূর্ণ দাবি ছিল। তিনি আশা প্রকাশ করেন, এই হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসী এবং তাদের স্বজনরা আরও সহজে পুলিশি সহায়তা, আইনগত পরামর্শ ও প্রয়োজনীয় তথ্যসেবা গ্রহণ করতে পারবেন।
সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক বলেন, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ ধারাবাহিকভাবে কাজ করছে। ‘প্রবাসী হেল্প ডেস্ক’ সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা কিংবা তাদের পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের, সাধারণ ডায়েরি (জিডি), মামলা-সংক্রান্ত তথ্য, আইনি পরামর্শসহ বিভিন্ন পুলিশি সেবা দ্রুত ও সহজভাবে গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় আরও কার্যকর হবে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, “প্রবাসীরা দেশের গর্ব, তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। অনেক সময় বিদেশে অবস্থান করার কারণে তারা কিংবা তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, কিন্তু দ্রুত যোগাযোগের সুযোগ পান না। ‘প্রবাসী হেল্প ডেস্ক’ সেই দূরত্ব কমিয়ে আনবে। আমরা চাই, পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা একজন প্রবাসীও যেন অনুভব করেন—তার নিজের থানার দরজা সবসময় তার জন্য খোলা। দ্রুত, স্বচ্ছ ও মানবিক সেবা নিশ্চিত করাই হবে এই ডেস্কের প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবাসী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো এমন উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় গোলাপগঞ্জজুড়ে উৎসাহের আবহ তৈরি হয়েছে। প্রবাসী ও স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এই উদ্যোগ সফল হলে দেশের অন্যান্য উপজেলাতেও পর্যায়ক্রমে ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু হবে এবং প্রবাসীদের জন্য পুলিশি সেবা আরও সহজ, দ্রুত ও মানবিক হয়ে উঠবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :