জিয়ানগরে আল্লামা সাঈদী সেতু থেকে পড়ে নিখোঁজ জেলে | Daily AjKaler Kontho

জিয়ানগরে আল্লামা সাঈদী সেতু থেকে পড়ে নিখোঁজ জেলে


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
জিয়ানগরে আল্লামা সাঈদী সেতু থেকে পড়ে নিখোঁজ জেলে

পিরোজপুরের জিয়ানগরের বলেশ্বর নদীতে নির্মিত আল্লামা সাঈদী সেতুর নিচে পিলারের গোড়া সংলগ্ন চওড়া স্লাবে বসে জাল মেরামতের কাজ করার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে মাহালুম ব্যাপারি (৬০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শনিবার (৪ জুলাই) আনুমানিক সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহালুম ব্যাপারি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বুরজুক আলী ব্যাপারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের গোরা সংলগ্ন চওড়া স্লাবে বসে জাল মেরামতের কাজ করছিলেন। সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতিকালে অসাবধানতাবশত মাহালুম ব্যাপারি ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

ট্রলারের মাঝি হাফিজুল ব্যাপারি জানান,সকাল ১০টার দিকে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হঠাৎ মাহালুম ব্যাপারি নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি পানিতে তলিয়ে যান।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নিচে পিলারের গোরা চওড়া স্লাবে বসে জেলেরা জাল মেরামতের কাজ প্রায়ই করে থাকেন।ট্রলারে এসে তারা ব্রিজের নিচে বসে জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের কাজ করেন, এমনকি এর সাথে অনৈতিক কাজেরও সংশ্লিষ্টতা থাকতে থাকতে পারে। তাই এমন ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান যাতে করতে না পারে সে ব্যাপারে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।

জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান বলেন, “আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর আরো ব্যাপকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।”

আজকালের কন্ঠ/আর বি