গণভোট প্রত্যাখ্যান করে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত নেতা | Daily AjKaler Kontho

গণভোট প্রত্যাখ্যান করে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত নেতা


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
গণভোট প্রত্যাখ্যান করে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত নেতা

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমীন ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদে গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একই সঙ্গে তারা নিজেদের অবস্থান থেকেও সরে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা জামায়াতের কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল আমীন ভূঁইয়া বলেন, “গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় গিয়েই তারা গণভোটকে অস্বীকার করেছে। সংসদে গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে তারা গোটা জাতির সঙ্গে এবং নিজেদের সঙ্গেও বেইমানি করেছে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ফলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়েছেন এবং তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। অথচ সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করা হয়েছে। যারা জুলাই আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।”

সরকারের প্রতি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা ফারুক হোসেন নূর নবীসহ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদের অন্যান্য সদস্য।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।