
কুমিল্লা দেবিদ্বার থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি ও দুই মাদক সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পীরমহেশপুর এলাকার বুড়িরপাড়ে এসআই (নিরস্ত্র) শাহাদাত ও এসআই বাঁধন চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মাদক কারবারি মোহন মিয়া ও শাহজাহানকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
একই রাতে পিএসআই তানভীর হাসানের নেতৃত্বে ছোট আলমপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবী আবু হানিফ (৪০)কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া উপজেলার ইউসুফপুর ইউনিয়নের হাসান মার্কেট এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দেবিদ্বার থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতেই আমরা এসব মাদক কারবারি ও মাদক সেবীকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। মাদক নির্মূলে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কেউ মাদক সংক্রান্ত কোনো তথ্য জানলে নির্ভয়ে পুলিশকে অবহিত করুন। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে দেবিদ্বার থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারি বা মাদক সেবীকে আইনের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।”
আপনার মতামত লিখুন :