দায়িত্বে মানবিকতার ছাপ রেখে বিদায় নিলেন ইউএনও আরিফুজ্জামান | Daily AjKaler Kontho

দায়িত্বে মানবিকতার ছাপ রেখে বিদায় নিলেন ইউএনও আরিফুজ্জামান


মোঃ শেখ ফরিদ , ভোলা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
দায়িত্বে মানবিকতার ছাপ রেখে বিদায় নিলেন ইউএনও আরিফুজ্জামান

ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বদলি হয়ে পটুয়াখালী জেলায় যোগদানের আদেশ পেয়েছেন। তাঁর বদলির খবরে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দায়িত্ব পালনকালে মো. আরিফুজ্জামান সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণ করেন। আইন-শৃঙ্খলা রক্ষা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, শিক্ষা, সামাজিক সচেতনতা, দুর্যোগ মোকাবিলা এবং জনকল্যাণমূলক
বিভিন্ন কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয়দের নজর কেড়েছে।

স্থানীয়দের অনেকে বলেন, একজন সহজ-সরল, সেবামুখী ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি মানুষের আস্থা অর্জন করেছিলেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের চেষ্টা করতেন বলেও তাঁদের অভিমত।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নিয়মিত বদলির অংশ হিসেবে তাঁকে পটুয়াখালী জেলায় পদায়ন করা হয়েছে। শিগগিরই তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।

ভোলা সদরে কর্মরত অবস্থায় তাঁর বিভিন্ন জনসেবামূলক উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার কথা স্থানীয়দের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে অনেকেই আশা প্রকাশ করেছেন।

আজকালের কন্ঠ/এস পি