
জনগণের আস্থা অর্জন ও প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর রাণীনগরে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুন (২০২৬) রাণীনগর থানার উদ্যোগে উপজেলার বড়বাড়ি বাজারে এ সভার আয়োজন করা হয়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়ার বিশেষ উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং বিশেষ করে সড়কে ছিনতাই প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এ সময় তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
উন্মুক্ত মতবিনিময় পর্বে উপস্থিত বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা, মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং নিয়মিত যোগাযোগ আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত অংশগ্রহণই হচ্ছে সবচেয়ে কার্যকর শক্তি। এ ধরনের মতবিনিময় সভা সমাজে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :