
বরিশালের গৌরনদী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।গৌরনদী পৌরসভা কার্যালয়ে আয়োজিত সভায় আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া, সহায়ক সদস্য, পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা।
সভায় পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার, জনসেবার মান বৃদ্ধি এবং আধুনিক, কার্যকর ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়। পাশাপাশি নতুন অর্থবছরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ও অগ্রাধিকার নির্ধারণ নিয়েও মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে গৌরনদী পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিতরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :