
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান সৃজনী বিদ্যানিকেতন, পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে সংবর্ধনা, অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় সৃজনী স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৃজনী বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, সৃজনী বিদ্যানিকেতন শুধু পটুয়াখালী নয়, দেশ-বিদেশেও সুনামের সঙ্গে পরিচিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ঐতিহ্য ও অর্জনকে আরও সমৃদ্ধ করতে শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, শিক্ষক ও কর্মচারীরাই একটি প্রতিষ্ঠানের মূল শক্তি। তাদের ন্যায্য দাবি ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে একটি ইতিবাচক ও কর্মমুখর পরিবেশ গড়ে তোলা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সৃজনী বিদ্যানিকেতনকে আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহুরুল হক, অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান, বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সৃজনী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস এবং প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সৃজনী সংসদ এর সাধারণ সম্পাদক ডা. মহিবুল্লাহ রুবেল।
অনুষ্ঠান শেষে উপাচার্য বৃক্ষরোপণ র্যালিতে অংশ নেন এবং ক্যাম্পাসে একটি ফলজ ও একটি বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারী, সৃজনী সংসদ এর নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা, দায়িত্ব হস্তান্তর এবং বৃক্ষরোপণ কর্মসূচির সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের নেতৃত্বে পবিপ্রবি ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলো শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছাবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :