নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ | Daily AjKaler Kontho

নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ


নোয়াখালী প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নোবিপ্রবির দুই দশকের অর্জন আগামী দিনে আরও সমৃদ্ধ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

বক্তারা নোবিপ্রবির প্রতিষ্ঠার দুই দশকের পথচলায় শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন সাফল্য তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ডিনস অ্যাওয়ার্ড এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

একই দিনে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসের এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, সাফল্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রার প্রত্যয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

পরে বিকেলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ কোম্পানীগঞ্জের মানিকপুরে অবস্থিত সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের পারিবারিক কবরস্থানে যান। সেখানে তারা তাঁর কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

শিক্ষামন্ত্রী কোম্পানীগঞ্জ সরকারি কলেজে মতবিনিময় সভা শেষে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি