
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার বিকেলে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, বিগত দেড় দশক ধরে আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করে একনায়কতন্ত্র চালিয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তাদের পতন হলেও, তারা এখনো দেশজুড়ে নানা রকম ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। নিষিদ্ধ এই সংগঠনের তথাকথিত ‘প্রতিষ্ঠা বার্ষিকী’র নামে নাটোরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ছাত্রদল রাজপথে থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের যেকোনো অপতৎপরতা কঠোর হস্তে দমন করবে।
সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন লক্ষ্য করা গেছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :