
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় প্রধানমন্ত্রীর কন্যা জায়মা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (২০ জুন) রাতে পৃথকভাবে অভিযোগ দুটি জমা দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম পৃথক অভিযোগে উল্লেখ করেন, ‘সাবিদুল ইসলাম সিয়াম’ নামের একটি ফেসবুক আইডি থেকে জায়মা রহমানকে নিয়ে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে। তারা এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের সঙ্গে সংযুক্ত স্ক্রিনশট পর্যালোচনায় দেখা যায়, উক্ত মন্তব্যটি একদিন আগে ফেসবুকে পোস্ট করা হয়েছিল। সংশ্লিষ্ট আইডিতে কিশোর বয়সী এক ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে এবং নিজেকে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ-উল ইসলাম বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :