সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে সাতক্ষীরায় বাঁচবে ৩০৪ কোটি টাকা | Daily AjKaler Kontho

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে সাতক্ষীরায় বাঁচবে ৩০৪ কোটি টাকা


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে সাতক্ষীরায় বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার দুপুরে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ মঈনুল ইসলাম মঈন,ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহা: আজিজুর রহমান,ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন , জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম,জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মেহেদী হাসান তানভীর প্রমুখ।

সভায় জানানো হয়, জেলায় ৬ লাখ ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। তাঁরা যদি প্রতিদিন ১ ইউনিট করে বিদ্যুৎ সাশ্রয় করেন,তাহলে বছরে ৩শ’৪ কোটি টাকা সাশ্রয় হবে।

এছাড়া সরকার ১৩.০৯ টাকায় বিদ্যুৎ ক্রয় করে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে মাত্র প্রায় ৪ টাকা দরে আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ দিচ্ছে। সুতরাং এই ভর্তুকি দেওয়া বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। সভায় আরও জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয়ে ইনভার্টার প্রযুক্তি সম্পন্ন এসি বা ফ্রিজ ব্যবহার করতে গ্রাহকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে ৩০ থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে। পাশাপাশি এলইডি বাল্ব বা বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান ব্যবহারের মাধ্যমেও বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ জানান,অফিস বা বাড়িতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার পরিহার করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে একদিকে যেমন ব্যক্তি উপকৃত হবে,অপরদিকে রাষ্ট্র উপকৃত হবে।

আজকালের কন্ঠ/আর বি