
নওগাঁ সদর থানার কালিতলা ফাঁড়ি পুলিশের অভিযানে একটি চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন হয়েছে। অভিযানে এক দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখে নওগাঁ সদর উপজেলার কালিতলা এলাকার বাসিন্দা মো. আব্দুল হাকিম সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সেদিন সকাল আনুমানিক ১০টার দিকে তার বাসার দ্বিতীয় তলার একটি কক্ষের তালা ভেঙে অজ্ঞাতনামা চোর বা চোরেরা প্রবেশ করে ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশনায় কালিতলা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজনের নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে চোরকে শনাক্ত করা হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে নওগাঁ জেলার চকমোক্তার মাস্টারপাড়া এলাকার বজলুর রশিদের ছেলে মুরাদ (২৮) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ নিজেকে একাই চুরি সংঘটিত করার কথা স্বীকার করেছে। এছাড়া সে একজন কুখ্যাত চোর বলে জানা গেছে। এর আগে বিভিন্ন স্থান থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :