টিলার মাটি কাটতে গিয়ে মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত | Daily AjKaler Kontho

টিলার মাটি কাটতে গিয়ে মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত


নুর হোসেন মিয়া, মিরসরাই প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
টিলার মাটি কাটতে গিয়ে মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে ঘরের পাশের টিলা থেকে মাটি কাটতে গিয়ে মাটির স্তূপে চাপা পড়ে মো. সায়েম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, মাসখানেক আগে সায়েম তার মা ও বোনকে নিয়ে বড়থলি গ্রামে টিলার পাদদেশে জায়গা কিনে ছোট একটি টিনের ঘর তৈরি করে বসবাস শুরু করে। দিনে শ্রমিকের কাজ করা সায়েম গত কয়েকদিন ধরে রাতে নিজের ঘর ও ভিটা ভরাট করার জন্য একাই টিলা থেকে মাটি কাটছিল। বুধবার রাতে মাটি কাটার সময় হঠাৎ একটি বড় মাটির স্তূপ সায়েম এবং পাশে থাকা সোহেল রানা নামে আরেক কিশোরের ওপর ভেঙে পড়ে। নিহত সায়েম ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামের মৃত বশর আহমেদের ছেলে।

দীর্ঘ ৩০ মিনিট চেষ্টার পর স্থানীয় বাসিন্দারা মাটি খুঁড়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর কিশোর সোহেল বর্তমানে সুস্থ রয়েছে।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আজকালের কন্ঠ/আর বি