দক্ষিণ ভিংলাবাড়ী-পান্নারপুল সড়কে চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি-কাজী নাছিরের | Daily AjKaler Kontho

দক্ষিণ ভিংলাবাড়ী-পান্নারপুল সড়কে চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি-কাজী নাছিরের


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
দক্ষিণ ভিংলাবাড়ী-পান্নারপুল সড়কে চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি-কাজী নাছিরের

কুমিল্লা দেবিদ্বার উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী ও পান্নারপুল এলাকার মধ্যবর্তী বাখরাবাদ সড়কের বিভিন্ন স্থানে পরপর কয়েকটি বড় গর্ত সৃষ্টি হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের এই বেহাল অবস্থার কারণে প্রতিদিন বাড়ছে জনদুর্ভোগ, পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ডুবে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

এ অবস্থায় সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী একত্রিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। গ্রামবাসীর পক্ষে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কাজী নাসির সড়কের গর্তগুলো দ্রুত ভরাট এবং প্রয়োজনীয় সংস্কারকাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

তিনি বলেন, “এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে যদি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

এলাকাবাসী অবিলম্বে সড়কটি মেরামত করে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করা হলে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি কমবে, অন্যদিকে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তিরও অবসান ঘটবে।

আজকালের কন্ঠ/আর বি