
কুমিল্লা দেবিদ্বার পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব ছায়েদুর রহমান সবুর ভূঁইয়া।
মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, দীর্ঘদিন ধরে ব্যবসা, সমাজসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি দেবিদ্বার পৌরবাসীর সেবা এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান। এ লক্ষ্যেই তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।
আলহাজ্ব ছায়েদুর রহমান সবুর ভূঁইয়া বলেন, “দেবিদ্বার পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের কল্যাণ এবং এলাকার টেকসই উন্নয়নই হবে আমার মূল অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “পৌরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী পৌর প্রশাসন প্রতিষ্ঠা করতে চাই। আমি দেবিদ্বার পৌরবাসীর দোয়া, সহযোগিতা ও সার্বিক সমর্থন কামনা করছি।”
তিনি আশা প্রকাশ করেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নত দেবিদ্বার গঠনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এদিকে, সম্ভাব্য এই প্রার্থিতাকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ জাবেদ আহমেদ নবী বলেন, “ছায়েদুর রহমান সবুর ভূঁইয়া একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তি। তিনি নির্বাচিত হলে দেবিদ্বার পৌরসভায় দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি। এসব অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।”
সমাজসেবক ইকবাল হোসেন আবুল বলেন, “আলহাজ্ব ছায়েদুর রহমান সবুর ভূঁইয়া দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি একজন সৎ, পরিশ্রমী ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তি। আমি বিশ্বাস করি, তিনি মেয়র নির্বাচিত হলে দেবিদ্বার পৌরসভার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
নিজের পরিকল্পনা সম্পর্কে আলহাজ্ব ছায়েদুর রহমান সবুর ভূঁইয়া বলেন, “আমি দেবিদ্বার পৌরবাসীর সেবা করার লক্ষ্য নিয়েই মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছি। দীর্ঘদিন ধরে ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সুযোগ পেলে একটি আধুনিক, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে কাজ করব। পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আমার অগ্রাধিকার হবে।”
তিনি আরও বলেন, “দেবিদ্বারের উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। এ লক্ষ্যে পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন একান্তভাবে কামনা করছি।”
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। এমন প্রেক্ষাপটে আলহাজ্ব ছায়েদুর রহমান সবুর ভূঁইয়ার মেয়র পদে আগ্রহ প্রকাশ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :