
ময়মনসিংহের ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে অবহেলা ও উন্নয়ন বঞ্চনার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে ইউনিয়নের প্রত্যাশিত উন্নয়ন না হওয়ায় রাস্তাঘাটের বেহাল দশাসহ নানা নাগরিক সমস্যায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলাচলের অনুপযোগী সড়ক, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের অভাবে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
এলাকাবাসীর অভিযোগ, সাবেক আওয়ামী লীগ নেতা ও ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুকুল ইসলাম রতনের দায়িত্ব পালনকালে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হয়নি। ফলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে হতাশা তৈরি হয় এবং পরিবর্তনের দাবি জোরালো হতে থাকে।
এমন পরিস্থিতিতে ইউনিয়নের মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহমুদুল হাসান রাসেল। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও তাকে সক্রিয় দেখা যাচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, যে কোনো দুর্যোগ, অসুস্থতা কিংবা ব্যক্তিগত সংকটে তারা মাহমুদুল হাসান রাসেলকে পাশে পেয়েছেন। ফলে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ইউনিয়নের সচেতন মহলের মতে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটতে পারে ভোটের মাঠে। অনেকেই মনে করছেন, জনগণের সেবা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে মাঠে থাকা প্রার্থীদের মধ্য থেকে যোগ্য নেতৃত্ব বেছে নেবেন ভোটাররা।
এ বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম এমন নেতৃত্বই আগামী দিনে ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করবে।
এলাকাবাসীর ভাষায়, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি নির্বাচনের সময় নয়, সব সময় মানুষের পাশে থাকবেন। মাহমুদুল হাসান রাসেলকে ঘিরে আমাদের সেই প্রত্যাশা তৈরি হয়েছে। আগামী নির্বাচনে জনগণই তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবে—এটাই আমাদের বিশ্বাস।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :