
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমর্থক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠিত এ শোভাযাত্রায় প্রায় ১০ হাজার আর্জেন্টিনা ফুটবল সমর্থক অংশ নেন বলে আয়োজকদের দাবি।
দুমকি উপজেলা আর্জেন্টিনা ফুটবল সমর্থকগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রার সামনে বহন করা হয় ৫০ ফুট দীর্ঘ বাংলাদেশের জাতীয় পতাকা। এছাড়া অংশগ্রহণকারীদের হাতে ছিল ছোট-বড় আর্জেন্টিনার পতাকা, বিশাল ভুভুজেলা বাঁশি এবং অনেকের মাথায় বাঁধা ছিল বাংলাদেশের পতাকা।
সরকারি জনতা কলেজ মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দুমকি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় রঙিন ফায়ার স্মোকের ব্যবহারে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রায় বিপুলসংখ্যক নারী ও শিশু অংশগ্রহণ করেন। আয়োজকদের ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, অন্তত এক হাজার শিশু এ আয়োজনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং নানা বয়সী ক্রীড়াপ্রেমী মানুষ এতে অংশ নেন।
সরকারি জনতা কলেজের শিক্ষক শহীদুল ইসলাম বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা। দুমকির মানুষ যে এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
একই কলেজের শিক্ষক আসাদুজ্জামান বলেন, “এত বড় পরিসরে আর্জেন্টিনা ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ দুমকির ইতিহাসে অভূতপূর্ব ঘটনা। খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে, এই আয়োজন তারই প্রমাণ।”
দুমকি উপজেলা আর্জেন্টিনা ফুটবল সমর্থকগোষ্ঠীর অন্যতম সংগঠক জাহিদ রুবেল বলেন, আমরা সবাই আর্জেন্টিনা ফুটবলকে ভালবাসি তাই শত ব্যস্ততার মাঝেও বাচ্চাকে নিয়ে চলে এসেছি।
দুমকি উপজেলা আর্জেন্টিনা ফুটবল সমর্থকগোষ্ঠীর অন্যতম সংগঠক রাজিবুল ইসলাম বলেন, “বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা সমর্থকদের ভালোবাসা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।”
আরেক সংগঠক সাজ্জাদুল ইসলাম দুর্জয় বলেন, আর্জেন্টিনা গতবারের চেয়ে এবারে আরও শক্তিশালী দল, আমরা এবারও চ্যাম্পিয়ন হবো।
আমিনুল ইসলাম বলেন, আজ এতো হাজার হাজার মানুষের উপস্থিতিই প্রমান করে আর্জেন্টিনার ভক্ত আমাদের দেশে অনেক বেশি।
শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে দুমকি থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এদিকে শোভাযাত্রায় মানুষের ঢল দেখে বিস্ময় প্রকাশ করেন অনেকেই। স্থানীয়দের মুখে মুখে ছিল একটাই প্রশ্ন—‘এত মানুষ এলো কোথা থেকে!’ দুমকির সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ক্রীড়া-আয়োজনগুলোর একটি হিসেবে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে আর্জেন্টিনা সমর্থকদের এই মহাশোভাযাত্রা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :