
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া এলাকা থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দক্ষিণ ও উত্তর জোনের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গত ১৩ জুন বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে ধোবাউড়া থানাধীন চারুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ধোবাউড়া থানার উত্তর রাণীপুর গ্রামের বাসিন্দা মোঃ ইব্রাহীম (২৬) এবং মোঃ আলফাজ উদ্দিন (৪০)। তারা উভয়েই আব্দুর রশিদের পুত্র। এছাড়া একই ঘটনায় গ্রেফতার হয়েছেন মোছাঃ কমলা খাতুন (৩০), তিনি মোঃ আলফাজ উদ্দিনের স্ত্রী।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের মাধ্যমে একটি সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয়ভাবে মাদক সরবরাহ ও বিক্রির কাজ পরিচালনা করে আসছিল বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মাহাবুবুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, সমাজ থেকে মাদকের ভয়াবহতা নির্মূলে পুলিশি তৎপরতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি। স্থানীয় জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে ডিবি পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :