
ঝালকাঠির রাজাপুরে কথিত গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে অপপ্রচার এবং নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজাপুর সরকারি কলেজ ছাত্রদল।
রোববার সকালে রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতারা বিভিন্ন বিষয়ে তাদের উদ্বেগ ও প্রতিবাদ তুলে ধরেন।
সমাবেশে বক্তারা বলেন, গুম ও অপহরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রকৃত ভুক্তভোগীদের প্রতি অসম্মান প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে তারা নারী নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাহারিয়া সিকদার বলেন, “মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের নিন্দা জানাই এবং প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানাই। এ সময় রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সম্পাদক সাইফুল ইসলাম রাকিবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :