সিলেটের গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন, উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা | Daily AjKaler Kontho

সিলেটের গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন, উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা


গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১:০০ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন, উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা

কৃষির আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধির নতুন বার্তা নিয়ে গোলাপগঞ্জে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা। প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসার এবং কৃষকদের হাতে আধুনিক উদ্ভাবন পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই তিন দিনব্যাপী মেলায় প্রদর্শিত হচ্ছে কৃষি খাতের নানা অত্যাধুনিক প্রযুক্তি ও সেবা।

মেলার উদ্বোধন করেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। উদ্বোধনের আগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে কৃষক, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলেন, দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গোলাপগঞ্জের কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতকে আরও আধুনিক ও লাভজনক করতে সরকার নানা ধরনের প্রণোদনা, ভর্তুকি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে।

তিনি বলেন, “সময়ের চাহিদা অনুযায়ী কৃষিকে প্রযুক্তিনির্ভর করতে হবে। আধুনিক কৃষিযন্ত্র ও উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাবে এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলবে। এ ধরনের মেলা কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন ও তা ব্যবহারে উৎসাহিত করবে।”

মেলায় কৃষি খাতের সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত জাতের বিভিন্ন ফসল, আধুনিক কৃষিযন্ত্র, প্রযুক্তিনির্ভর চাষাবাদ পদ্ধতি এবং কৃষি সম্প্রসারণ বিভাগের বিভিন্ন সেবামূলক কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা সরাসরি এসব প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারছেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও গ্রহণ করছেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই মেলার অন্যতম লক্ষ্য হলো কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং কৃষিকে লাভজনক পেশা হিসেবে আরও আকর্ষণীয় করে তোলা। তাদের মতে, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিস্তার ঘটলে ভবিষ্যতে দেশের খাদ্য উৎপাদন ও অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব পড়বে।

তিন দিনব্যাপী এ আয়োজন কৃষকদের জন্য নতুন জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে বলে মনে করছেন স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তারা।

আজকালের কন্ঠ/আর বি