গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন | Daily AjKaler Kontho

গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন


এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং) বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বরিশালের গৌরনদীতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলার একটি মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে আয়োজিত “এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা”র উদ্বোধন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত চলবে।

গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল ১০টায় কর্মশালার শুভ উদ্বোধন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, অনলাইন তথ্যের সত্যতা যাচাই এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ার কারণে ভুয়া খবর ও বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত করা সাংবাদিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ বাস্তবতায় সংবাদকর্মীদের তথ্য যাচাই দক্ষতা বৃদ্ধি এবং এআই প্রযুক্তির কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

তিন দিনের কর্মশালায় অংশগ্রহণকারীদের এআই ও ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন পদ্ধতি, তথ্য যাচাইয়ের ধাপ, ডিজিটাল টুলসের ব্যবহার এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। পাশাপাশি পেশাগত দায়িত্ববোধ, নৈতিকতা ও মানসম্মত সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়েও আলোচনা করা হবে।

পিআইবির প্রশিক্ষক ও কর্মশালার সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর খোন্দকার কাওছার হোসেন, পিআইবির প্রশিক্ষক ও ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির ও গিয়াস উদ্দিন মিয়া এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকার।

কর্মশালায় গৌরনদী উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।

আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং তথ্য যাচাইভিত্তিক, দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতা চর্চা শক্তিশালী হবে।

আজকালের কন্ঠ/আর বি