রাণীনগরে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম | Daily AjKaler Kontho

রাণীনগরে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১২:১২ অপরাহ্ন
রাণীনগরে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম

নওগাঁর রাণীনগরে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম শেখ রেজাউল ইসলাম রেজু রাণীনগর উপজেলার সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির শুভ সূচনা করেন।

শনিবার (১৩ জুন) রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে সুন্দর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শেখ রেজাউল ইসলাম রেজু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাউল হক লিটন ।

এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সেক্রেটারি নাসির উদ্দিন টনি, কৃষক দলের সভাপতি মতিন খান এবং মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল ক্ষমতায় এলে আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। প্রথম ধাপে দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় দেড় কোটি চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে।

বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সবুজায়নের কোনো বিকল্প নেই। বিএনপির এই নির্বাচনী অঙ্গীকার দেশবাসীকে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উপজেলার সবাইকে নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি