শরীয়তপুরে প্রবাসীর স্ত্রীকে খুঁটিতে বেঁধে অমানবিক নির্যাতন | Daily AjKaler Kontho

শরীয়তপুরে প্রবাসীর স্ত্রীকে খুঁটিতে বেঁধে অমানবিক নির্যাতন


মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
শরীয়তপুরে প্রবাসীর স্ত্রীকে খুঁটিতে বেঁধে অমানবিক নির্যাতন

শরীয়তপুর জেলার উত্তর পালং এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মলি বেগম (৩৭) নামের এক গৃহবধূকে প্রকাশ্যে মারধর করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে।

শনিবার বেলা ১১টার দিকে এই অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগীকে মারধরের পাশাপাশি তার মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে এলাকা ঘোরানোর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী মলি বেগম স্থানীয় প্রবাসী টুটুল সরদারের স্ত্রী। তিনি জানান, দেলোয়ার কোটারির সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে দেলোয়ার কোটারির স্ত্রী ও মেয়েসহ কয়েকজন নারী পরিকল্পিতভাবে তাকে শাবনুর মার্কেটের কাছে আটক করে এই বর্বরোচিত নির্যাতন চালায়।

ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রকাশ্যে নারীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে অভিযুক্তদের পক্ষে মৌসুমি আক্তার সব অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন যে, মলি বেগমকে মাদক ব্যবসার অভিযোগে এলাকাবাসী আটকে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, প্রাথমিকভাবে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।