
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাসাইল গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে বীর মুক্তিযোদ্ধা ছাদু শিকদারের পুত্র ইমরান শিকদার (২৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে ও পরিবার জানায়, সকালে পরিবারের সদস্যরা নিজ বাড়ির একটি কক্ষে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ইমরান শিকদারের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত ইমরান শিকদার গৌরনদী কলেজ-এ অনার্সে অধ্যয়নরত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়। তাদের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী কয়েকজন ব্যক্তি ইমরানকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন। তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত সংগ্রহ এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটিকে আত্মহত্যা বা হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
ঘটনাটি নিয়ে পুরো এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
আপনার মতামত লিখুন :