
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণীত ক্ষয়ক্ষতির তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে মানপুর বাজারে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আব্দুল হান্নান, হায়দার খান, মোতালিব, আব্দুল কুদ্দুস ও সাগর খানসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক অতি বৃষ্টিতে তাদের ফসলি জমির ব্যাপক ক্ষতি হলেও সরকারি সহায়তার জন্য প্রস্তুতকৃত তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে মেম্বারের আত্মীয়-স্বজন ও প্রভাবশালী ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে তারা দাবি করেন। এছাড়া অর্থের বিনিময়ে কার্ড বিতরণের অভিযোগও তোলেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক হয়েও কোনো ধরনের সহায়তার আওতায় আসতে পারিনি। অথচ যাদের ক্ষতি হয়নি বা যারা প্রভাবশালী, তাদের নাম তালিকায় রয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এ সময় তারা মাননীয় প্রধানমন্ত্রী ও ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা পুনরায় যাচাই-বাছাই করে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। পাশাপাশি জাহাঙ্গীর আলম মেম্বারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :