দুই সপ্তাহের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রাবিপ্রবি উপাচার্য | Daily AjKaler Kontho

দুই সপ্তাহের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রাবিপ্রবি উপাচার্য


রাবিপ্রবি প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১২:১২ অপরাহ্ন
দুই সপ্তাহের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রাবিপ্রবি উপাচার্য

উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সর্বোত্তম চর্চাসমূহ, অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা এবং বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী দুই সপ্তাহব্যাপী সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন।

শুক্রবার (১২ জুন) মধ্যরাতে রাবিপ্রবি উপাচার্যসহ বাংলাদেশের ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমন্বয়ে গঠিত এক প্রতিনিধিদলের সাথে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এই সফরকালে রাবিপ্রবি উপাচার্যসহ প্রতিনিধি দলটি অস্ট্রেলিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মেলবোর্ন, মোনাস, গ্রিফিথ, নিউসাউথ ওয়েলস ও উলংগং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানে কর্মশালা ও দলবদ্ধ আলোচনায় অংশ নিবেন। এসব আলোচনায় তিনি অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ব্যবস্থাপনা ও সেখানে উত্তম অনুশীলন চর্চার বিষয়সহ উচ্চশিক্ষার মানোন্ননে প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখবেন ও মতবিনিময় করবেন।

এ বিষয়ে রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী জানান, এই সফরে বিভিন্ন সেশনে অস্ট্রেলিয়ার মাল্টি কালচারালিজম (বহুসাংস্কৃতিকতা) এর সাথে পরিচিতি, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোত্তম কর্মপদ্ধতি, প্রশাসন, নেতৃত্ব, সম্পদ ব্যবস্থাপনা, পারস্পরিক অংশীদারিত্ব, সহযোগিতা, গবেষণা, ইনোভেশন (উদ্ভাবন), টিচিং এন্ড লার্নিং, বৈচিত্র্যতা ও সামাজিক অন্তর্ভুক্তি, টেকসই উন্নয়ন কর্মসূচি, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়, আন্তর্জাতিক সংযোগ ও নেটওয়ার্ক তৈরি, অস্ট্রেলিয়ান ক্যাম্পাস লাইফ ও সংস্কৃতি, বন্যপ্রাণী সংরক্ষণ, তথ্যপ্রযুক্তি, জেনারেটিভ এআই এবং অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়সমূহের সামগ্রিক শিক্ষাদান প্রক্রিয়া ও অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন সম্পর্কে আলোকপাত করা হবে যা রাবিপ্রবি তথা বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক উৎকর্ষতা সাধনে সহায়ক ভুমিকা পালন করবে।

আজকালের কন্ঠ/আর বি