রাজিবপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা | Daily AjKaler Kontho

রাজিবপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
রাজিবপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

‎কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই নতুনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক হলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন (৩২)

‎মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২০ মে বিদ্যালয়ে পাঠদান চলাকালে অভিযুক্ত শিক্ষক এক শিক্ষার্থীকে ডিম ভাজার জন্য পেঁয়াজ কাটার কথা বলে একটি কক্ষে ডেকে নেন। সেখানে তিনি শিক্ষার্থীকে জড়িয়ে ধরে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। শিক্ষার্থী চিৎকার করে বেরিয়ে আসার চেষ্টা করলে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও এজহারে উল্লেখ করা হয়েছে।

‎পরবর্তীতে বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থী বিষয়টি তার মাকে জানায়। পরে পরিবারের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। অভিযোগের পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নিলেও নির্ধারিত বৈঠকে অভিযুক্ত শিক্ষক উপস্থিত হননি বলে অভিযোগ রয়েছে।

‎এজহারে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার সমাধানের জন্য অর্থের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর বাবা। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন।

‎পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরামর্শে ভুক্তভোগীর বাবা রাজিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রেকর্ড করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

‎এ বিষয়ে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত আমার কাছে কেউ লিখিত অভিযোগ দেননি। বিষয়টি অত্যন্ত গুরুতর। যেহেতু এ ঘটনায় থানায় মামলা হয়েছে, তাই তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎বিষয়ে বক্তব্য জানতে রাজিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এছাড়া তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

‎রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০২৫ (সংশোধিত) এর ১০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

আজকালের কন্ঠ/আর বি