ডিবি সেজে বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নীলফামারীতে আটক ১ | Daily AjKaler Kontho

ডিবি সেজে বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নীলফামারীতে আটক ১


নীলফামারী প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
ডিবি সেজে বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নীলফামারীতে আটক ১

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভিডিও সম্পাদনা করে নিজেকে ডিবি সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তি হলেন সদর উপজেলার পূর্ব চড়াইখোলা চৌধুরীপাড়া এলাকার মো. সবিজুল ইসলাম (২৪)। বুধবার (১০ জুন) রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মতলুবর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় সবিজুল ইসলামের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

তদন্তে জানা যায়, জব্দ করা মোবাইল ফোনে একটি ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। ওই আইডি থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি সংবাদ সম্মেলনের ভিডিও সম্পাদনা করে সেখানে নিজের ব্যবহৃত মোবাইল নম্বর যুক্ত করা হয়েছিল। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে দাবি করা হয়, ওই নম্বরে যোগাযোগ করলে ডিবি পুলিশের সহায়তা পাওয়া যাবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। সাইবার প্রতারণার শিকার ব্যক্তিরা তার দেওয়া নম্বরে যোগাযোগ করলে তিনি তাদের সহায়তার আশ্বাস দিয়ে বিকাশ ও নগদ অ্যাকাউন্টে অর্থ পাঠাতে বলতেন। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করে আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় নীলফামারী সদর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই করে প্রয়োজনীয় সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।