মাদরাসা শিক্ষা নিয়ে বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

মাদরাসা শিক্ষা নিয়ে বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় সংবাদ সম্মেলন


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
মাদরাসা শিক্ষা নিয়ে বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় সংবাদ সম্মেলন

কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার-এর মাদরাসা শিক্ষাব্যবস্থা নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন।

বৃহস্পতিবার (১১ জুন) কুমিল্লায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা তার বক্তব্যকে ‘ইসলামবিদ্বেষী ও উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর সেক্রেটারি মুফতী শামছুল ইসলাম জিলানী। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক আলোচনায় বাহাউদ্দীন বাহার দেশের মাদরাসা শিক্ষাব্যবস্থা বন্ধের আহ্বান জানিয়ে বক্তব্য দিয়েছেন, যা ধর্মীয় মূল্যবোধ ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি করেছে। তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংগঠনের পক্ষ থেকে বাহাউদ্দীন বাহারের বক্তব্যের তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ও মহানগর সভাপতি মাওলানা মুনীর হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল কুদ্দুসসহ জেলার বিভিন্ন উপজেলার আলেম-উলামা ও প্রতিনিধিরা।