দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে: খন্দকার মাশুক | Daily AjKaler Kontho

দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে: খন্দকার মাশুক


রুবেল আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে: খন্দকার মাশুক

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার প্রধান উপদেষ্টা খন্দকার মাশুকুর রহমান মাসুক বলেছেন, আপনারা সমাজের আয়না; আমরা যেমন আয়নার মাধ্যমে নিজেদের মুখমণ্ডল দেখতে পাই, তেমনি আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র দেখতে পাই। দুষ্টের দমনে আপনাদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ সভাকক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাশুকুর রহমান বলেন, “আপনাদের লেখনী ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের আয়না। আপনারা যেকোনো পরিস্থিতিতে সত্য উন্মোচনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনে আপনাদের অসীম সাহসিকতা প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও আপনারা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।”

তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার সম্পর্কে কোনো কিছু শুনলে আগে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি তার উত্তর দিতে না পারি, সেক্ষেত্রে আপনারা যা লিখবেন, তা আমি সাদরে গ্রহণ করব। আমি মনে করি, আপনাদের গঠনমূলক সমালোচনা আমাকে সঠিক পথে পরিচালিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, এম আর মর্তুজা, বেলাল রিজভী, এস আর শফিক স্বপন ও ফরিদ উদ্দিন মুফতি। এছাড়াও সাংবাদিক আরাফাত হাসান, সাগর হোসেন তামিম, আরিফুর রহমান মোল্লা, মনজুর হোসেন, মহসিন তালুকদারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি