নেত্রকোণায় মসজিদের জমি নিয়ে বিরোধ, সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ | Daily AjKaler Kontho

নেত্রকোণায় মসজিদের জমি নিয়ে বিরোধ, সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
নেত্রকোণায় মসজিদের জমি নিয়ে বিরোধ, সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

নেত্রকোণার সদর উপজেলার গাছগড়িয়া জামে মসজিদের ওয়াকফকৃত জমি নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে মসজিদ পরিচালনা কমিটির সভাপতিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে নেত্রকোণা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য লিখিত আবেদন দিয়েছেন মসজিদ কমিটির সভাপতি মো. সাইদুর রহমান (৪৫)।

লিখিত অভিযোগে জানা যায়, গাছগড়িয়া জামে মসজিদের নামে ওয়াকফকৃত প্রায় ৪৫ শতাংশ জমি সংক্রান্ত রেকর্ড সংশোধন ও উচ্ছেদ বিষয়ে একটি দেওয়ানি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে সাইদুর রহমান দীর্ঘদিন ধরে মামলাটি পরিচালনা করে আসছেন।

অভিযোগে বলা হয়েছে, মামলার বিবাদী মো. নয়ন মিয়া (৪৫), মো. লাক মিয়া (৩৫), মো. আঙ্গুর মিয়া (৪০) ও মো. হাবিবুর রহমান (৫০) দীর্ঘদিন ধরে মসজিদে প্রবেশের রাস্তা নির্মাণকাজে বাঁধা দিয়ে আসছেন। এছাড়া মসজিদের আরেকটি জায়গা অবৈধভাবে দখল করে রাখার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

সাইদুর রহমান অভিযোগ করেন, গত ২৭ মে রাত আনুমানিক ৮টার দিকে গাছগড়িয়া বাজারের একটি চায়ের দোকানে অবস্থানকালে অভিযুক্তরা তার কাছে এসে বিচারাধীন মামলাটি পরিচালনা না করার জন্য চাপ প্রয়োগ করেন। তিনি এতে রাজি না হলে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তার দাবি, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাকে রক্ষা করেন। পরে বিষয়টি মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের অবহিত করা হয়।

সাইদুর রহমান বলেন, ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছি। তাই আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মামলার ১ নম্বর বিবাদী নয়ন মিয়া। তিনি বলেন, আমি কাউকে কোনো ধরনের হুমকি দিইনি। অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হলে আইন অনুযায়ী যে শাস্তি হবে, তা মেনে নেব।

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, ভুক্তভোগীর অভিযোগের বিষয়টি জেনেছি। তার সঙ্গে কথা বলে ঘটনাটি তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি