
কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কথিত দেশবিরোধী ষড়যন্ত্র, অপতৎপরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। ‘আমার সোনার বাংলায় দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের কোনো ঠাঁই নাই’ এবং ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আমরা ঐক্যবদ্ধ’—এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে। মুরাদনগরে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়া, যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, আজিজ সরকার মুন্না, আশিকুল ইসলাম সাগর, মীর জাহিদ হাসান সম্রাট, রায়হান উদ্দিন, আনোয়ার হোসেন, রহমতুল্লাহ, আলামিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে পুরো উপজেলা সদর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ছাত্রদলের নেতারা বলেন, দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় ভবিষ্যতেও তাদের সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :