ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে এসে নারীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক আটক | Daily AjKaler Kontho

ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে এসে নারীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক আটক


ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ২:২৬ অপরাহ্ন
ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে এসে নারীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক আটক

ঢাকার ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে বেড়াতে এসে লক্ষ্মী রানী (৩০) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিক স্বপন (৪০) অধিকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়ি থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে, আজ ভোর ৪টার দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত লক্ষ্মী রানী টাঙ্গাইলের মির্জাপুর এলাকার বীরেন্দ্র মন্ডলের মেয়ে। অন্যদিকে, আটক প্রেমিক স্বপন অধিকারী একই জেলার সখিপুর গ্রামের রবীন্দ্র অধিকারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে প্রেমের টানে প্রেমিক স্বপনের হাত ধরে ধামরাইয়ে আসেন লক্ষ্মী রানী। রাতে কান্দিকুল গ্রামে চিত্ত রায়ের বাড়িতে অবস্থানকালে উভয়ের মধ্যে চরম মনমালিন্য হয়। একপর্যায়ে প্রেমিক স্বপন কৌশলে লক্ষ্মী রানীকে ঘরে একা রেখে অন্যত্র চলে যান। পরবর্তীতে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় লক্ষ্মী রানীর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকালের কন্ঠ/আর বি