তারাগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে অর্থদণ্ড | Daily AjKaler Kontho

তারাগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে অর্থদণ্ড


মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
তারাগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে অর্থদণ্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ার জুম্মা এলাকায় অবৈধভাবে পুরাতন টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের দায়ে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে ‘এয়ার ওয়েল’ নামের কারখানাটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
জনবসতির মধ্যে পরিবেশের জন্য ক্ষতিকর এ কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে পুরাতন টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করা হচ্ছিল। এতে সৃষ্ট কালো ধোঁয়া ও বিষাক্ত বর্জ্য আশপাশের পরিবেশ দূষিত করছিল। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছিলেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে কারখানার কার্যক্রমের সত্যতা পাওয়া গেলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে কারখানার মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সৈয়দপুর উপজেলার অফিসার্স কলোনী এলাকার মৃত শামীমের ছেলে মো. রাজু আহমেদ (৪২)। তাকে আইনটির ৬(গ) ধারা এবং ১৫(১) ধারার ৬ নম্বর ক্রমিক অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন আসমা উল হুসনা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি