পতাকা উত্তোলন হয় না গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয়ে, বলছেন কর্মকর্তারা | Daily AjKaler Kontho

পতাকা উত্তোলন হয় না গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয়ে, বলছেন কর্মকর্তারা


গাইবান্ধা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
পতাকা উত্তোলন হয় না গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয়ে, বলছেন কর্মকর্তারা

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিষয়টি সামনে আসার পর জাতীয় পতাকা বিধিমালা ও সরকারি নির্দেশনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

৭ জুন(রোববার) গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের পতাকাদণ্ডে জাতীয় পতাকা উত্তোলিত নেই। এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, বিশেষ জাতীয় দিবস ছাড়া তাদের কার্যালয়ে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।

বিষয়টির ব্যাখ্যা জানতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ শহীদ আতাহার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রাষ্ট্রপতির বাসভবন, সংসদ ভবন, মন্ত্রণালয়, সচিবালয়, আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা পরিষদ, কারাগার, পুলিশ স্টেশন, শুল্ক পোস্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলনের সরকারি প্রজ্ঞাপন রয়েছে। আমাদের অফিসে পতাকা উত্তোলনের কোনো নির্দেশনা নেই।”
তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর ৬(১) ধারায় গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও অফিসসমূহে সকল কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলনের বিধান উল্লেখ রয়েছে। বিধিমালায় সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য ভবনেও কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে।

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি গুরুত্বপূর্ণ সরকারি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও উদ্ধারকাজে প্রতিষ্ঠানটির সদস্যরা দিনরাত কাজ করে থাকেন। এমন একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, জাতীয় পতাকা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক। সরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের বিষয়ে স্পষ্টতা থাকা এবং প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করা জরুরি।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অধিদপ্তরের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি