রাণীনগরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে স্থানীয় এমপি | Daily AjKaler Kontho

রাণীনগরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে স্থানীয় এমপি


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
রাণীনগরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে স্থানীয় এমপি

নওগাঁর রানীনগর উপজেলার মিরাটে এক গরীব অসহায় বিধবার মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিয়ে গেল কালবৈশাখী ঝড়ে, তবে পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন স্থানীয় এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম।

সাম্প্রতিক হয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে নওগাঁর রাণীনগর উপজেলার ৮নং মিরাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণপাড়া গ্রামের মরহুম মোতালেব হোসেনের স্ত্রী আঙ্গুরী বিবি (৫০) নামে এক অসহায় বিধবার একমাত্র মাথা গোঁজার ঠাঁই তছনছ হয়ে গেছে, এমন সংবাদ পেয়ে নওগাঁ-৬, (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু তার ব্যক্তিগত উদ্যোগে বাড়িটি পরিদর্শনের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

তারই প্রেক্ষিতে রবিবার (২জুন) রাণীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ভুক্তভোগী অঙ্গুরী বিবির কাছ থেকে কালবৈশাখী ঝড়ে তার ক্ষতির বিবরণ এবং ক্ষতিগ্রস্তের আর্থিক অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেন। একপর্যায়ে আঙ্গুরী বিবি বলেন, “আমার একমাত্র মাথা গোঁজার ঠাঁই বাড়িটি ঝড়ের সময় বড় গাছ পরে ভেঙ্গে তছনছ হয়ে গেছে। আমার আর থাকার কোন জায়গা নেই। এই বাড়ি ঠিক করবো এতো টাকা আমার নেই। স্বামী মারা যাওয়ার পর ২সন্তানকে নিয়ে কোন মতে আমি জীবনযাপন করি। তোমরা যদি আমাকে না দেখ আমার থাকার জায়গা আমি ঠিক করতে পারবোনা।”

এসময় স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু’র পক্ষ থেকে রাণীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন এমপি’র ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশেষ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি ক্ষতিগ্রস্ত আঙ্গুরী বিবিকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার সামনে বলেন, আগামী শনিবারের মধ্যেই বিশেষ বরাদ্দ ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট পৌঁছে দেওয়া হবে। এছাড়া যেকোনো বিপদ-আপদে উক্ত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

আজকালের কন্ঠ/আর বি