জনসেবার অঙ্গীকার নিয়ে দক্ষিণ গুনাইঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম | Daily AjKaler Kontho

জনসেবার অঙ্গীকার নিয়ে দক্ষিণ গুনাইঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ২:২৬ অপরাহ্ন
জনসেবার অঙ্গীকার নিয়ে দক্ষিণ গুনাইঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক মোঃ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম।

সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বাসিন্দা এবং সমর্থকদের উপস্থিতিতে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন এবং সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

জানা যায়, বল্লভপুর গ্রামের সামির উদ্দিন সরকার বাড়ির বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে একজন পরিচিত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সম্মতি ও সমর্থনের ভিত্তিতেই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম স্থানীয়ভাবে সুপরিচিত মরহুম মোঃ সফিকুল ইসলাম (শহীদ) ডাক্তারের পুত্র।

প্রার্থী হওয়ার বিষয়ে ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, “ইউনিয়নবাসীর ভালোবাসা ও উৎসাহে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দক্ষিণ গুনাইঘর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে কাজ করব।”

তার এ ঘোষণাকে ঘিরে ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ গুনাইঘরে নির্বাচনী আমেজ আরও জোরালো হবে।

আজকালের কন্ঠ/আর বি